শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের উপস্থাপক অরিনকে ঘিরে সাতক্ষীরায় আলোচনা

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের উপস্থাপক অরিনকে ঘিরে সাতক্ষীরায় আলোচনা ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে উপস্থাপক আবু ওবাইদাহ অরিন। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৬, ৯ আগস্ট ২০২৬

ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাওয়া আবু ওবাইদাহ অরিনকে নিয়ে সাতক্ষীরায় আলোচনা চলছে। ২৫ বছর বয়সী এই তরুণের বাড়ি সাতক্ষীরা সদর থানার পাশের মুনজিতপুর নিচুতলা এলাকায়।

৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে অরিনকে দেখা যাওয়ার পর তার পরিচয় ও শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলে তার সম্পৃক্ততা নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অরিন সাতক্ষীরা সদর থানার পাশের মুনজিতপুর নিচুতলা এলাকার বাসিন্দা এবং জাহান প্রেসের মালিক আবু সোয়েব এবেলের বড় ছেলে। লেখাপড়ার জন্য তিনি ভারতে যান। বর্তমানে তার অবস্থান সম্পর্কে স্থানীয়দের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

অরিনের বাড়িতে গিয়ে মূল ফটক বন্ধ পাওয়া যায়। তার বাবা আবু সোয়েব এবেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয় মুদি দোকানি শাহজাহান বলেন, অরিনকে দীর্ঘদিন ধরে এলাকায় দেখা যায় না। শেখ হাসিনা সরকারের পতনের আগে সর্বশেষ তাকে দেখেছিলেন বলে জানান তিনি। তার ধারণা, অরিন ভারতে পড়াশোনা করছেন।

অরিনের পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠান জাহান প্রেসেও তার বিষয়ে খোঁজ নেওয়া হয়। প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রমেশ চন্দ্র জানান, অরিনের বাবা আবু সোয়েব এবেল সাতক্ষীরাতেই থাকেন এবং মাঝেমধ্যে প্রতিষ্ঠানে আসেন।

স্থানীয় রাজনৈতিক মহলে অরিনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির ঘনিষ্ঠতার আলোচনা রয়েছে। পাশাপাশি সাতক্ষীরা জেলা বিএনপির এক নেতার সঙ্গে তার পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে অরিনের বিষয়ে স্থানীয় পুলিশ কোনো তথ্য জানে না বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। তিনি বিষয়টি জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

পরে সদর থানার ওসি মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদকের ফোন কেটে দেন।

শেখ হাসিনার বিতর্কিত ভার্চুয়াল অনুষ্ঠানে অরিন কীভাবে উপস্থাপক হিসেবে যুক্ত হলেন এবং ভারতে তার রাজনৈতিক বা সাংগঠনিক সম্পৃক্ততা কী-তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement