সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন নাকচ

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের জামিন নাকচ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৯, ১২ আগস্ট ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ডনের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নাকচ করেন।

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ডন

গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করা হয়।

পরে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৯ বছর পর হত্যা মামলা

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা রয়েছে।

মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। এরপর তাঁর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

তদন্ত করছে সিআইডি

সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।

শেয়ার করুনঃ
Advertisement