বগুড়ায় পাখির বাসা-ডিম-ছানা নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
Published : ১১:২৫, ১৬ আগস্ট ২০২৬
বগুড়ার শেরপুরে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার অভিযোগে করা মামলায় আজাহার আলী (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার রামনগর গ্রামে আজাহার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির দেয়াল টপকে পাশের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামনগর গ্রামে নিজের জমিতে থাকা সাতটি জলপাই ও পীতরাজগাছ কেটে ফেলেন আজাহার আলী। এসব গাছে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছিল। গাছ কাটার সময় বাসাগুলো মাটিতে পড়ে গেলে এতে পাখির ডিম ও ছানা নষ্ট হয়।
এ ঘটনায় বন বিভাগের শেরপুর রেঞ্জ কর্মকর্তা মো. সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। গত মঙ্গলবার রাতে করা মামলায় আজাহার আলীকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, তদন্তে গাছ কাটার কারণে পাখির বাসা, ডিম ও ছানা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় জানান, রামনগর গ্রামের বিভিন্ন গাছে নিয়মিত পরিযায়ী শামুকখোলসহ নানা প্রজাতির পাখি আশ্রয় নেয়। এ কারণে এলাকাটি স্থানীয়দের কাছে ‘পাখি কলোনি’ নামে পরিচিত।
তিনি বলেন, গত ৮ আগস্ট গাছ কাটার সময় বেশ কয়েকটি পাখির বাসা মাটিতে পড়ে যায়। এতে বহু ডিম নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি ছানাও মারা যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
































