রাঙামাটিতে পিকআপ উল্টে ৪ জন নিহত, গুরুতর আহত ২
Published : ১৩:১৫, ১৬ আগস্ট ২০২৬
রাঙামাটির সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহত ছয়জনকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠান।
রাঙামাটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। আহতরা হলেন জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)।
রাঙামাটি কোতোয়ালি থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
































