কিয়েভে ভোরে একের পর এক বিস্ফোরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা
Published : ১৩:০৫, ১৬ আগস্ট ২০২৬
ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার ভোরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল শহর কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির কথা জানিয়ে বিমান হামলার সতর্কতা জারি করে।
এর কিছুক্ষণ পর কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা জানান। তিনি বলেন, শহরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে।
এএফপির একজন প্রতিবেদকও কিয়েভ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
বিস্ফোরণের পর রাজধানীর ওবোলনস্কি জেলায় একটি অ-আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। মেয়র ক্লিৎসকো ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে আগুনে কোনো হতাহত হয়েছে কি না জানা যায়নি।
এদিকে একই সময়ে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে এগিয়ে আসা ড্রোনবহরের হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রুশ বাহিনী রাজধানীর দিকে আসা প্রায় ২৮টি ড্রোন ভূপাতিত করেছে।
রাশিয়া-ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা আরও তীব্র হয়েছে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি পূর্বাঞ্চলে সামরিক অভিযান জোরদার করছে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা চালিয়ে আসছে।
ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, রাশিয়া বিভিন্ন হামলায় উত্তর কোরিয়ার সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। একই সঙ্গে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে।





























