বেলাবতে মাদক সেবনের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক

বেলাবতে মাদক সেবনের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক ছবি: সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

Published : ১২:২৫, ১৮ আগস্ট ২০২৬

নরসিংদীর বেলাবতে মাদক কারবারিদের সঙ্গে মাদক সেবনের সময় শামসুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার সদর এলাকার মাটিয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

আটক ব্যক্তিরা হলেন—বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, মাটিয়ালপাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জ্বল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের মো. আতস আলীর ছেলে রকি (২৮) এবং একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মো. বাদল (৩৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে শামসুল ইসলামসহ কয়েকজন মাদক সেবন করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

আটক শামসুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। অপকর্ম বা মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে গত ২৭ এপ্রিল উপজেলার খামারেরচর এলাকা থেকে জীবন নামে আরেক পুলিশ কনস্টেবলকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল।

শেয়ার করুনঃ
Advertisement