তথ্যমন্ত্রী থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন জহির উদ্দিন স্বপন জহির উদ্দিন স্বপন। ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৭, ২২ আগস্ট ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তা অবিলম্বে কার্যকর হবে।

পদত্যাগের পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, উপদেষ্টা পদে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

শেয়ার করুনঃ
Advertisement