নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ বাংলা এডিশনের লোগো। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৪, ২৩ আগস্ট ২০২৬

সাময়িকভাবে বাতিলের পর অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। এর ফলে সাংবাদিক ইলিয়াস হোসাইনের নেতৃত্বাধীন সংবাদমাধ্যমটি আবারও আনুষ্ঠানিকভাবে নিয়মিত সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

রোববার (২৩ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পোর্টালটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এক আদেশে পোর্টালটির নিবন্ধন বাতিল করেছিল। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন জানায় বাংলা এডিশন। সেই আবেদনের পর্যালোচনার পর স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘বাংলা এডিশন’ ২০২৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক সামরিক কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।

নিবন্ধন ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় বাংলা এডিশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকবে। বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ, জুলাই আন্দোলনের চেতনা সংরক্ষণ এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করাই তাদের লক্ষ্য বলে উল্লেখ করা হয়।

শেয়ার করুনঃ
Advertisement