দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে দেখা গেল ছাত্রলীগ নেতা শোভনকে
Published : ০৯:৩৩, ২৪ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনকে প্রকাশ্যে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়।
রোববার (২৩ আগস্ট) বিকেলে প্রকাশিত কয়েকটি ভিডিওতে তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় দেখা যায়। শোভন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও।
‘ছাত্রনেতা শাহাদাৎ হোসেন শোভন ভাই’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ‘আজ শহরে রাজা এসেছে!’ ও ‘শহরে আজ রাজা এসেছিলো’ শিরোনামে একাধিক ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে তাকে স্পিডবোটে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানাতে এবং নৌকায় থাকা কর্মী-সমর্থকদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ভিডিওতে দেখা নৌকাটি ব্রাহ্মণবাড়িয়ার দত্তখলা এলাকায় ছিল। ১৫ আগস্টের একটি কর্মসূচির ভিডিও মনিপুর এলাকায় ধারণ করা হয়েছে বলেও জানা যায়। এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শোভনের অবস্থান নিয়ে নানা আলোচনা ছিল। বিভিন্ন সময়ে তাকে ভারত, নেপাল, সৌদি আরব ও মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, ভিডিওগুলো দেখার পর পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি যাচাই করছে।


































