সমকাল সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার, মিলেছে নোট

সমকাল সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার, মিলেছে নোট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরের প্যারারা রোডের সমকাল ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি নোট পাওয়া গেছে। সেখানে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুরোধ করেছেন পুলক।

দীর্ঘদিনের অসুস্থতার কথা উল্লেখ
নোটে পুলক চ্যাটার্জি দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কথা উল্লেখ করেন। সুস্থ হওয়ার জন্য দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পাশাপাশি ভারতের ভেলোরেও চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন বলে জানান তিনি।

অসুস্থতার কারণে সামাজিক ও স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছিল বলেও নোটে উল্লেখ করেন পুলক।

স্ত্রী ও মেয়ের কাছে ক্ষমা প্রার্থনা
স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃতির উদ্দেশে লেখা অংশে পুলক তাদের কাছে ক্ষমা চান। মেয়েকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

স্ত্রীর প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে মেয়ের যত্ন নেওয়ার বিষয়েও অনুরোধ করেন।

সহকর্মীদের কাছেও রেখে গেছেন বার্তা
বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের উদ্দেশে লেখা বার্তায় পুলক তার মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।

দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সুমন চৌধুরীর উদ্দেশেও বিদায়ী বার্তা রেখে যান তিনি। সেখানে একসঙ্গে দীর্ঘ সময় কাজ করার স্মৃতি উল্লেখ করে কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান। একই সঙ্গে সমকালের কাছে পাওনা অর্থ পরিবারের হাতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

ভাই দীপক ও তার স্ত্রী ইতির উদ্দেশে লেখা বার্তায় স্ত্রী ও মেয়ের পাশে থাকার অনুরোধ করেন পুলক। পাশাপাশি তার বিভিন্ন আর্থিক ও পারিবারিক বিষয় দেখভালের কথাও উল্লেখ করেন।

সমকাল অফিস থেকে মরদেহ উদ্ধার
শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা সমকাল বরিশাল ব্যুরো অফিসে পুলককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অফিসের দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।

রাত ৯টার দিকে মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ঘটনাস্থল থেকে একটি নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সমকালের প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্বে ছিলেন
পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের প্রতিষ্ঠার সময় থেকেই বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরি হারান। এরপর থেকে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। মাঝে মাঝে তাকে সমকাল কার্যালয়ে এসে বসতেও দেখা যেত।

পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement