টুঙ্গিপাড়ায় গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
Published : ১১:৩৮, ১২ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ঘরে ঢুকে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের আকবর শেখ (৩৫) ও সোহাগ গাজী (৩৬)। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।
মামলায় চারজনকে আসামি
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার একটি গ্রামে তিন সন্তানের জননী ওই গৃহবধূর ওপর হামলা ও ধর্ষণের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার তার বাবা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।
মামলায় আকবর ও সোহাগের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে।
গভীর রাতে ঘরে প্রবেশের অভিযোগ
মামলার বরাতে ওসি আইয়ুব আলী জানান, গত ২০ আগস্ট ওই নারীর স্বামী কৃষিশ্রমিকের কাজে অন্য জেলায় যান। এরপর তিন সন্তানকে নিয়ে ওই নারী রাতে ঘরে ঘুমাতেন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত ২টার দিকে চার ব্যক্তি ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা সন্তানদের মুখ চেপে ধরে ওই নারীকে নির্যাতন করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় নিজেকে রক্ষা করতে ওই নারী আকবরের হাতে কামড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে আকবর তাকে মারধর করেন এবং এতে তার কয়েকটি দাঁত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে সন্তানদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী
পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নারী জানান, গভীর রাতে চারজন তার ঘরে ঢুকে তাকে নির্যাতন করেন। তাদের মধ্যে আকবর ও সোহাগকে তিনি চিনতে পেরেছেন বলে জানান।
বাকিদের গ্রেপ্তারে অভিযান
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, মামলার পর আকবর ও সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

































