হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণদের প্রতিবাদ

হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণদের প্রতিবাদ প্রতিবাদ জানাতে হাফপ্যান্ট পরে মেট্রো স্টেশনে এসেছেন তিন তরুণ। সংগৃহীত ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৫, ১ অক্টোবর ২০২৬

হাফপ্যান্ট পরে মেট্রো স্টেশনে আসায় অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হয়রানির প্রতিবাদে হাফপ্যান্ট পরেই মেট্রোরেলে চড়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন তরুণ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ কর্মসূচি পালন করেন তারা। ‘হাফপ্যান্ট পরে মেট্রোরেলে!’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল স্বাভাবিক স্পোর্টসওয়্যার পরার কারণে যাত্রীদের হয়রানি না করা এবং গণপরিবহনে পোশাকসংক্রান্ত স্পষ্ট নিয়মের দাবি জানানো।

কর্মসূচিতে অংশ নেওয়া রানার ও বেসরকারি চাকরিজীবী সাগর মজুমদার বলেন, দৌড়ানোর সময় শর্টস পরা আরামদায়ক হওয়ায় রানাররা এটি ব্যবহার করেন। তাঁর ভাষ্য, অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন সম্প্রতি শর্টস পরে মেট্রোরেলে উঠতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে যেন আর কাউকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্যই তাদের এই প্রতিবাদ।

সাগর বলেন, শর্টসকে নেতিবাচকভাবে দেখার পরিবর্তে বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখা উচিত। তাঁর মতে, পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ হলো যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণ।

সকাল ৭টার পর সাগর মজুমদার ও ব্যবসায়ী মাহফুজুর রহমান হাফপ্যান্ট পরে ফার্মগেট স্টেশন থেকে মেট্রোরেলে ওঠেন। তারা বিজয় সরণি স্টেশনের টিকিট কেটে মেট্রোরেলে যাত্রা করেন এবং সেখানে নেমে যান। তাদের সঙ্গে থাকা রকিবুল ইসলাম অবশ্য মেট্রোরেলে ওঠেননি। একই সময়ে স্টেশনের অন্য একটি প্রবেশপথ দিয়ে আরও দুজন তরুণ হাফপ্যান্ট পরে মেট্রোরেলে ওঠেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর সকালে শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে ফার্মগেট মেট্রো স্টেশনে গেলে অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে পুলিশ সদস্যরা পোশাক ‘অশালীন’ বলে প্রায় ৪০ মিনিট টিকিট পাঞ্চ মেশিনের সামনে দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে।

তবে মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ড্রেসকোড নেই—এমন দাবি করে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারের কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের বক্তব্য, কোনো পোশাক নিষিদ্ধ হলে তার স্পষ্ট ও লিখিত নিয়ম থাকা প্রয়োজন; হয়রানি নয়, যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণই প্রত্যাশিত।

শেয়ার করুনঃ
Advertisement