এনসিপি থেকে বহিষ্কার এহসান জাকারিয়া ও তামিম আহমেদ
Published : ১৫:১১, ৭ অক্টোবর ২০২৬
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদ।
বুধবার (৬ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত পৃথক দুটি বার্তায় এ সিদ্ধান্ত জানানো হয়। দলের অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা দুটি প্রকাশ করা হয়েছে।
এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী ও দলের নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এবং গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, তামিম আহমেদের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠার কথা জানানো হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে তামিম আহমেদকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপির পৃথক দুই বার্তায় জানানো হয়েছে, উভয় নেতার বিরুদ্ধে নেওয়া বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
































