সৌদিতে কাজের ভিসার আগেই পরিবার নেওয়ার সুযোগ
Published : ১৫:১৫, ৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে দেশটিতে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কর্মীরা নিজেদের কাজের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসার আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগের কথা জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে নতুন ব্যবস্থাটি চালু করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য উচ্চদক্ষ বিদেশি কর্মীরা তাদের স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে এজন্য নির্ধারিত সব শর্ত পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
এর আগে কর্মীর কাজের ভিসা প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হতো। নতুন ব্যবস্থায় কর্মীর চাকরির ভিসা প্রক্রিয়া চলার সময়ই যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা যাবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা দেশটিতে প্রবেশের পর প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী তাদের রেসিডেন্স পারমিট বা ইকামা সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে।
কর্তৃপক্ষের মতে, নতুন উদ্যোগের ফলে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের জন্য সৌদিতে চাকরি ও পরিবার নিয়ে বসবাসের প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে দেশটিতে বসবাসরত প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেও এ ব্যবস্থা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

































