কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডারে কারসাজি, ব্যবসায়ীর ৩ মাসের জেল
Published : ১৭:০৮, ৭ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জে ভর্তি এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে বিক্রির অভিযোগে রাজিব মিয়া নামে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত রাজিব মিয়া পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজি সিলিন্ডারের ব্যবসা করতেন।
স্থানীয়দের অভিযোগ, রাজিব বিশেষ আনলোডিং যন্ত্র ব্যবহার করে ১২ কেজি গ্যাসভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে স্থানান্তর করতেন। পরে এসব সিলিন্ডার ১২ কেজি গ্যাসের নির্ধারিত দামেই বিক্রি করা হতো। এতে তিনি অতিরিক্ত সিলিন্ডার বিক্রির সুযোগ পেলেও ক্রেতারা নির্ধারিত পরিমাণ গ্যাস না পাওয়ায় প্রতারিত হতেন।
মঙ্গলবার একইভাবে গ্যাস স্থানান্তরের সময় স্থানীয়রা রাজিবকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ জানান, জিজ্ঞাসাবাদে রাজিব স্বীকার করেছেন, প্রতিটি ভর্তি সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরতেন। ইউএনওর ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এভাবে কাজ করে আসছিলেন।
পরে ইউএনওর উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজিব মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। সাজা কার্যকরের জন্য তাকে সদর মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
































