আপসের পরও জামিন পেলেন না এমপি নজরুল

আপসের পরও জামিন পেলেন না এমপি নজরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫৮, ৭ অক্টোবর ২০২৬

বাদীপক্ষের সঙ্গে আপস হলেও দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম তার জামিন আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করেন।

আদালত জামিন না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, শুধু আসামির বয়স বিবেচনায় জামিন দেওয়ার সুযোগ নেই। মামলাটি আপসযোগ্য নয়—এমন ধারায় করা হলেও আসামিপক্ষ আপসনামা দাখিল করেছে। অন্যদিকে, ভুক্তভোগী ছিলেন অতি অল্পবয়স্ক এবং তিনি একাধিক নোট লিখে গেছেন।

আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, আসামির হেফাজতে থাকা অবস্থায় ভুক্তভোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন ব্যক্তির হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হওয়ায় আসামি জামিনে মুক্তি পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এতে ন্যায়বিচার নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণারও সৃষ্টি হতে পারে বলে আদালত মনে করেন।

এ ছাড়া আসামির এখনো খুব বেশি সময় কারাভোগ হয়নি উল্লেখ করে এ পর্যায়ে জামিন আবেদন নাকচ করা হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন সংসদ সদস্যদের আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুই দফা রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এ মামলায় নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার অপর আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমানও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement