পাবনায় অস্ত্রসহ চার ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

পাবনায় অস্ত্রসহ চার ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১ ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি

Published : ১৮:১৫, ২২ অক্টোবর ২০২৬

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে চার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ৩টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান।

পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি বিদেশি .২২ বোরের রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি এবং অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরঘোষপুর এলাকার মো. আলাল শেখ (৫২) ও আমিনপুরের ভাটিকয়া এলাকার মো. জনি কাজী (২৮)। আলাল শেখ পাবনা ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানা গেছে।

এরপর বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর থানার নাজিরগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এ সময় আরও দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার হন রামনারায়ণপুর এলাকার মো. জলিল মণ্ডল (২৮) এবং ঢালারচর ইউনিয়নের মিরপুর এলাকার মো. বাবলু মণ্ডল (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা রয়েছে। দুই ঘটনায় তাঁদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ)/১৯-এ ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং আরও আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement