ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৩২, ২৭ মে ২০২৬

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় ঈদগাহ প্রাঙ্গন পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় জোরদার টহল কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, ঈদের প্রধান জামাতগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মো. আহসান হাবীব পলাশ বলেন, ঈদ উপলক্ষে কোনো অসাধু চক্র যাতে অবৈধ মজুদ, নকল পণ্য বাজারজাত, খাদ্যে ভেজাল বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে।

তিনি আরও বলেন, ঈদের সময় রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন নিরাপত্তা চৌকি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

র‌্যাব মহাপরিচালক বলেন, ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement