সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ’ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৪১, ২৭ মে ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, অতীত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের কেন্দ্রীয় মনিটরিং সেল সবসময় কার্যকর থাকলেও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের সাতদিন আগে থেকে সাতদিন পর পর্যন্ত এটিকে আরও শক্তিশালী করা হয়েছে।

মন্ত্রী জানান, পর্যাপ্ত জনবল মোতায়েনের মাধ্যমে দেশের সব মহাসড়ক, পশুর হাট, যমুনা ও পদ্মা সেতুসহ সব এক্সপ্রেসওয়েকে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে। যেসব স্থানে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে পুলিশ সদস্যদের বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, বিগত সময়ের তুলনায় এবার সড়ক দুর্ঘটনার সংখ্যা কমেছে। বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে। এ ক্ষেত্রে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুমোদিত পশুর হাট ছাড়া কোথাও অবৈধ হাট বসতে দেওয়া হবে না। সম্প্রতি মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে বসা একটি অবৈধ পশুর হাট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও পুলিশের মাধ্যমে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরে ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গড়ে তোলার যে অপচেষ্টা হয়েছিল, তা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং দাগী আসামিদের গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, ওই এলাকায় পুলিশ একাডেমি, র‌্যাব একাডেমি, পুলিশ স্পোর্টস কমপ্লেক্স এবং কারাগারসহ একটি সমন্বিত নিরাপত্তা ও প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের ঔদ্ধত্য কঠোরভাবে দমন করা হবে এবং সরকারের কার্যকর পদক্ষেপ খুব শিগগিরই জনগণের সামনে দৃশ্যমান হবে।

যমুনা সেতুর টোল প্লাজায় উত্তরবঙ্গগামী যাত্রীদের দীর্ঘ ভোগান্তি প্রসঙ্গে তিনি বলেন, ম্যানুয়াল টোল আদায়ের কারণে যানজট তৈরি হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধানে ডিজিটাল অটোমেশন ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হবে।

সাভারে ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা এবং সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement