জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:৩২, ২৭ মে ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে প্রধান আসামি করে ২৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা সোমবার রাতে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম।

পুলিশ জানায়, মামলায় গ্রেপ্তার পাঁচজনসহ ইয়াসিনকে কেন্দ্র করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং বিস্ফোরক আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাত দুইটার দিকে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথবাহিনীর জন্য নির্মিত একটি ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। হামলার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চলাচল ব্যাহত করতে অন্তত চারটি স্থানে সড়ক কেটে দেওয়া হয়।

পরে পাহাড়ের তিন দিক থেকে গুলিবর্ষণ শুরু করে প্রায় ৩০০ সশস্ত্র হামলাকারী ক্যাম্পটি ঘিরে ফেলে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে যৌথবাহিনীর পাল্টা অভিযানের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। র‌্যাব জানিয়েছে, প্রায় দেড় ঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

গত ৯ মার্চ বড় ধরনের অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আলীনগর উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে যৌথবাহিনীর একটি ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও র‌্যাবের প্রায় ১৩০ সদস্য দায়িত্ব পালন করছেন।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান দাবি করেন, ইয়াসিন বাহিনীর সদস্যরাই এই হামলার সঙ্গে জড়িত। হামলাকারীরা একে-৪৭ রাইফেলসহ ভারি অস্ত্র এবং ককটেল ব্যবহার করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে।

এদিকে জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অস্ত্র উদ্ধার অভিযানে সহায়তার জন্য দুই প্লাটুন বিজিবি মোতায়েনের আবেদন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে তা অনুমোদন দেওয়া হয়। আগামী ৩১ মে পর্যন্ত এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।

জঙ্গল সলিমপুর সীতাকুণ্ড উপজেলার অন্তর্ভুক্ত হলেও সেখানে যেতে হয় চট্টগ্রাম নগর হয়ে। বায়েজিদ-ফৌজদারহাট সড়ক থেকে পাহাড়ি পথ পেরিয়ে এলাকাটিতে পৌঁছাতে হয়। ছিন্নমূল ও আলীনগর—এই দুই অংশ নিয়ে গড়ে ওঠা এলাকাটিতে প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement