আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

Published : ১৪:৩১, ৪ জুন ২০২৬

রাজধানীর আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- ১। মো: জুয়েল ওরফে আরিফ (৪৫) ও ২। আনোয়ার হোসেন (২৮)

মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৭:৪৫ ঘটিকায় নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আনোয়ার হোসেনকে এবং একইদিনে র‌্যাব -১১ এর সহায়তায় নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ মে ভোররাতে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসার সামনে দুই নারী ছিনতাইয়ের শিকার হন। পিকআপে করে আসা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ অর্থ, পোশাক ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেয়।

ঘটনার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ১ জুন মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া দুটি ব্যাগ, কিছু পোশাক, একটি চাপাতি এবং একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। চক্রটি মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করত এবং লুট করা মালামাল দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মোট পাঁচটি মামলা রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ
Advertisement