রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে নেওয়া হয়েছে সোহেল ও স্বপ্নাকে

রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে নেওয়া হয়েছে সোহেল ও স্বপ্নাকে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪১, ৭ জুন ২০২৬

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার বহুল আলোচিত রায় আজ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজ এই মামলার রায় ঘোষণা করবেন।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকালে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং সহ-আসামি স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। বর্তমানে তাদের মহানগর হাজতখানায় রাখা হয়েছে।

এর আগে গত ৪ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের দিন রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে বলে তারা আশাবাদী।

মামলার বিবরণ অনুযায়ী, দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার গত ১৯ মে সকালে বাসা থেকে বের হলে প্রতিবেশী স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়। পরে শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা-মা আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান।

দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে এবং পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে।

ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ গত ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

গত ১ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। দ্রুত বিচার কার্যক্রম শেষে আজ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement