ধানমণ্ডি ৩২-এ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ

ধানমণ্ডি ৩২-এ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন খারিজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৩৮, ২০ আগস্ট ২০২৬

ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ করেছেন আদালত।

একই আবেদনে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করার আবেদন জানানো হয়েছিল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন। বাদীর জবানবন্দি রেকর্ডের পর আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। পরে মামলা গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার মতো উপাদান আদালতের কাছে পাওয়া যায়নি।

আবেদনে অভিযোগ করা হয়, গত বছরের ৫ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়। পরে বুলডোজার দিয়ে ভবনের বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেওয়া, ঐতিহাসিক নথি ও স্মৃতিচিহ্ন লুট এবং অগ্নিসংযোগের অভিযোগও আনা হয়।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও ড. আসিফ নজরুল ছাড়াও ড. রেজওয়ানা হাসান, শফিকুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও কনক সারোয়ারসহ ২৭ জনকে আসামি করার কথা বলা হয়।

অভিযোগকারীর পক্ষ থেকে দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অপরাধ আমলে নেওয়ার পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছিল।

তবে আদালত মামলা গ্রহণের মতো উপাদান না পাওয়ায় পুরো আবেদনটি খারিজ করে দেন।

শেয়ার করুনঃ
Advertisement