শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ

শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি রিপোর্ট

Published : ১০:০৯, ২৫ আগস্ট ২০২৬

মাগুরার আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ মঙ্গলবার, ২৫ আগস্ট রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

আদালতে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে গুরুতর অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পুলিশ হিটু শেখসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে দ্রুত বিচার শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

আইন অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে পাঠানো হয়। শুনানি শেষে বহুল আলোচিত এ মামলায় এখন উচ্চ আদালতের রায়ের অপেক্ষা।

শেয়ার করুনঃ
Advertisement