নতুন বাজেটে বাড়তে পারে সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীর দাম
Published : ১৭:০৬, ১১ জুন ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বেশ কিছু পণ্যের ওপর নতুন কর, ভ্যাট ও শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে, যার ফলে সিগারেট, মদ, নির্মাণসামগ্রী এবং কিছু আমদানিনির্ভর পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট।
সরকারি সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। মোট রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
যদিও বাজেটে প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়ের পরিকল্পনা রয়েছে, তবুও কিছু খাতে অতিরিক্ত কর ও ভ্যাট আরোপের কারণে দাম বাড়তে পারে।
আবাসন ও নির্মাণ খাতে ব্যবহৃত এমএস রড এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। ফলে বাড়ি নির্মাণের খরচ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ধূমপানজাত পণ্যের ক্ষেত্রেও কঠোর করনীতি গ্রহণের ইঙ্গিত মিলেছে। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব থাকতে পারে। পাশাপাশি নিকোটিন পাউচের ওপর ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে। এর ফলে সিগারেটের দাম বাড়তে পারে। উচ্চ স্তরের ১০ শলাকার সিগারেটের প্যাকেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার প্রস্তাবও আলোচনায় রয়েছে।
অন্যদিকে দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা মদের বাজারমূল্যে প্রভাব ফেলবে।
এছাড়া উচ্চমূল্যের বিলাসী খাদ্যপণ্য এবং নতুন করে ১০টি আমদানিকৃত পণ্যের ওপর ২০ শতাংশ ভ্যাট আরোপের সম্ভাবনা রয়েছে। বিদেশ থেকে আমদানি করা উচ্চমূল্যের হিমায়িত মাছের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং কাজুবাদাম আমদানিতে শুল্কহার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।
অর্থনীতিবিদদের মতে, একদিকে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য থাকলেও অন্যদিকে কিছু পণ্যের বাজারদর বাড়ার ফলে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হতে পারে।



































