মন্ত্রিসভার অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, বিকেলে সংসদে উপস্থাপন

মন্ত্রিসভার অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, বিকেলে সংসদে উপস্থাপন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৭, ১১ জুন ২০২৬

জাতীয় সংসদে উপস্থাপনের আগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা শেষে তা সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত বাজেটটি বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বাজেট উপস্থাপন।

প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সম্ভাব্য বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এই ঘাটতি মোকাবিলায় সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে ব্যাংকিং খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বিকেলে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে। এটি হবে দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

সংসদে উপস্থাপনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদন ও স্বাক্ষরের মাধ্যমে বাজেটের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement