৭ দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা
Published : ১৮:২৯, ১১ জুন ২০২৬
ব্যবসা সহজীকরণে নতুন বাজেটে অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত বাজেটে অনলাইনভিত্তিক সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা বাধ্যতামূলক করার ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ব্যবসা-সংক্রান্ত লাইসেন্সের জন্য আবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে অনুমোদন ও লাইসেন্স প্রদান সম্পন্ন করা হবে। একই সঙ্গে কোম্পানি নিবন্ধন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, ফলে সম্ভাব্য বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
এই ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে ব্যাংক খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।



































