স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ: ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা

স্বাস্থ্যখাতে বড় উদ্যোগ: ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৫, ১১ জুন ২০২৬

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করতে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে দেশব্যাপী নতুন করে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু করার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে থাকা শূন্যপদ পূরণের লক্ষ্যে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ কর্মসূচির আওতায় প্রায় ১ লাখ জনবল নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী। এর মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চিকিৎসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে একটি নতুন এমবিবিএস কারিকুলাম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। নতুন পাঠক্রমে ইন্টিগ্রেটেড মডিউলার পদ্ধতি, আধুনিক ক্লিনিক্যাল শিক্ষা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চিকিৎসা প্রযুক্তির ব্যবহার অন্তর্ভুক্ত থাকবে।

স্বাস্থ্যখাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চার মাস মেয়াদি জেনারেল কেয়ারগিভার প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, দেশে ও বিদেশে কেয়ারগিভার পেশার ব্যাপক চাহিদা রয়েছে এবং এ খাতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো চিকিৎসা ব্যয় কমানো, মানসম্মত ওষুধ সহজলভ্য করা এবং ধাপে ধাপে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

স্বাস্থ্যখাতে ব্যয় বৃদ্ধির অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুকূলে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বাস্থ্য বাজেট, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ১০ শতাংশের সমান।

শেয়ার করুনঃ
Advertisement