২০২৬-২৭ বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৪২ হাজার ২৯১ কোটি টাকা, বেড়েছে ১,৫৯৩ কোটি
Published : ১৯:২০, ১১ জুন ২০২৬
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দের প্রস্তাব ঘোষণা করেন। তিনি আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেন।
বাজেট নথি অনুযায়ী, প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয়ের জন্য ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কার্যক্রমের পরিচালন ব্যয় বাবদ ১ হাজার ৯১৫ কোটি টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয়ের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতের সংশোধিত বাজেট ছিল ৪০ হাজার ৫০২ কোটি টাকা। সে তুলনায় নতুন অর্থবছরে প্রতিরক্ষা খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অর্থমন্ত্রী এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
উল্লেখ্য, এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন।



































