যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট প্রস্তাব ২,৫৮৬ কোটি টাকা, বেড়েছে ৭৮২ কোটি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট প্রস্তাব ২,৫৮৬ কোটি টাকা, বেড়েছে ৭৮২ কোটি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৫, ১১ জুন ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন ও পরিচালন ব্যয় উভয় খাতই অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব দেন।

বাজেট প্রস্তাব অনুযায়ী, উন্নয়ন খাতে ১ হাজার ৫৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং পরিচালন খাতে ১ হাজার ৮ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তুলনামূলকভাবে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট ব্যয় ছিল ১ হাজার ৮০৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। ফলে নতুন প্রস্তাবিত বাজেট আগের বছরের তুলনায় ৭৮২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা বেশি।

গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগ

প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া খাতে বেশ কিছু নতুন উদ্যোগ ও কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

ক্রীড়া ভাতা কর্মসূচি
দেশে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করা হয়েছে।

স্পোর্টস ভিলেজ প্রকল্প
৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০টি জেলার জন্য প্রাথমিক নকশা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

স্পোর্টস ডিপ্লোম্যাসি
আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া কূটনীতি (Sports Diplomacy) জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি
প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে চালু হওয়া এ কর্মসূচির মাধ্যমে ১২–১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে।

এ কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত রয়েছে।

এ পর্যন্ত সারা দেশ থেকে ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন ক্রীড়াবিদ এই কর্মসূচিতে নিবন্ধন করেছে, যার মধ্যে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন ছেলে এবং ৪৭ হাজার ১৩০ জন মেয়ে।

এই কর্মসূচি বাস্তবায়নে আগামী অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement