সব নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল: বাজেটে স্বাস্থ্যখাতে বড় ঘোষণা

সব নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল: বাজেটে স্বাস্থ্যখাতে বড় ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৯, ১১ জুন ২০২৬

দেশের সব নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আধুনিক ই-হেলথ কার্ড চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে জরুরি রোগী পরিবহনের জন্য জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও সমন্বিত জরুরি সেবা নেটওয়ার্ক গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে। এর বাস্তবায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও জানান, সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় প্রতিটি নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের অন্তর্ভুক্ত করে ই-হেলথ কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা আরও ডিজিটাল ও সমন্বিত হবে।

জেলা ও উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন

জটিল রোগের চিকিৎসা সহজলভ্য করতে প্রতিটি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি সমন্বিত সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপজেলা পর্যায়ে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং ফিজিওথেরাপি সেবার পরিসর সম্প্রসারণ করা হবে। অন্যদিকে সার্জারি ও জটিল চিকিৎসা জেলা সদর হাসপাতালগুলোতে কেন্দ্রীভূত করা হবে।

এছাড়া জেলা হাসপাতালগুলোতে করোনারি কেয়ার ইউনিট, কিডনি ডায়ালাইসিস ইউনিটসহ বিশেষায়িত চিকিৎসা সুবিধা উন্নত করার পরিকল্পনাও রয়েছে।

জাতীয় অ্যাম্বুলেন্স পুল

রোগী পরিবহনের সমস্যা কমাতে একটি জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠনের উদ্যোগ নেওয়া হবে, যা দেশের স্বাস্থ্য জরুরি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বাজেট সংক্ষেপ

২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১০ দশমিক ২ শতাংশ।

শেয়ার করুনঃ
Advertisement