বিশ্বকাপের উদ্বোধনী রাতেই ওটিটি বিপর্যয়, স্ট্রিমিং সমস্যায় ক্ষুব্ধ দর্শক

বিশ্বকাপের উদ্বোধনী রাতেই ওটিটি বিপর্যয়, স্ট্রিমিং সমস্যায় ক্ষুব্ধ দর্শক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৩, ১২ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে উচ্ছ্বাস থাকলেও বাংলাদেশের বহু দর্শক অনলাইনে খেলা দেখতে গিয়ে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছেন। বিশ্বকাপের প্রথম রাতেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর স্ট্রিমিং সেবা ব্যাহত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
দর্শকদের অভিযোগ, ম্যাচ শুরুর আগে ও চলাকালে টফি এবং বায়োস্কোপ-এ লগইন করতে সমস্যা, ওটিপি না পাওয়া, স্ট্রিম চালু না হওয়া এবং বারবার নেটওয়ার্ক ত্রুটি প্রদর্শনের মতো নানা জটিলতা দেখা যায়।
পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে টফি  কর্তৃপক্ষ সম্প্রচারজনিত সমস্যার কথা স্বীকার করে ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছে প্ল্যাটফর্মটি।
বাংলাদেশে ফিফা বিশ্বকাপের অনলাইন সম্প্রচারের প্রধান মাধ্যম হিসেবে দর্শকদের বড় অংশ নির্ভর করছেন টফি ও বায়োস্কোপের ওপর। বায়োস্কোপ ৯৭ টাকায় ৫০ দিনের জন্য টুর্নামেন্টের সব ১০৪টি ম্যাচ দেখার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে টফির বিশেষ বিশ্বকাপ পাসের মূল্য শুরুতে ৯৯ টাকা নির্ধারণ করা হলেও পরে তা ১২৯ টাকায় উন্নীত হওয়ার কথা জানানো হয়।
এর আগে বাংলালিংক জানিয়েছিল, টফির মাধ্যমে স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখা যাবে। একইভাবে গ্রামীণফোন ঘোষণা দেয় যে, বায়োস্কোপের পাশাপাশি মাইজিপি ও স্কিটো অ্যাপ থেকেও দর্শকরা ম্যাচ উপভোগ করতে পারবেন।
তবে উদ্বোধনী দিনেই প্রযুক্তিগত সীমাবদ্ধতা সামনে আসায় অনেক গ্রাহক প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপের মতো বড় আয়োজনের জন্য প্ল্যাটফর্মগুলোর সার্ভার ও অবকাঠামোগত প্রস্তুতি পর্যাপ্ত ছিল কি না।

শেয়ার করুনঃ
Advertisement