জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ সরকারের

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ সরকারের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৪১, ৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও নিরবচ্ছিন্ন ও কার্যকর করতে পেট্রোলিয়াম পণ্য আমদানি ও বাজারজাতকরণে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় নতুন একটি নীতিমালা তৈরির কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবিত নীতিমালার আওতায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত পেট্রোলিয়াম ব্যবসায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নতুন ব্যবস্থা চালু হলে জ্বালানি সংরক্ষণ ও সরবরাহে বেসরকারি খাতের বিদ্যমান অবকাঠামো ও বিনিয়োগ আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বর্তমানে দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন পরিশোধিত ও অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি হয়। এসব জ্বালানি আমদানি ও বাজারজাতকরণের বড় অংশ বিপিসির মাধ্যমে পরিচালিত হয়। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান দেশে জ্বালানি উৎপাদন করলেও তাদের উৎপাদিত পণ্য সরাসরি খুচরা বাজারে বিক্রির সুযোগ সীমিত।

সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ার পাশাপাশি সংরক্ষণ ও সরবরাহ সক্ষমতাও সম্প্রসারিত হতে পারে। একই সঙ্গে বাজারে প্রতিযোগিতা বাড়লে ভোক্তারা আরও উন্নত সেবা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে এলপিজি খাতে বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে একটি বড় বাজার গড়ে উঠেছে। জ্বালানি বিশেষজ্ঞ ও আইইউবির উপাচার্য অধ্যাপক এম তামিম মনে করেন, সরকারি-বেসরকারি অংশগ্রহণের মাধ্যমে জ্বালানি বাজারকে আরও উন্মুক্ত করা ইতিবাচক উদ্যোগ হতে পারে। তবে এর সুফল নিশ্চিত করতে কার্যকর সরকারি নিয়ন্ত্রণ ও তদারকি প্রয়োজন।

বাজার সংশ্লিষ্টদের একটি অংশ জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভূমিকা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলছেন।

ইতোমধ্যে বসুন্ধরা গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠান জ্বালানি খাতে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি আমদানি, সংরক্ষণ ও বাজারজাতকরণে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বেসরকারি খাতের অংশগ্রহণ আরও বাড়তে পারে।

 
শেয়ার করুনঃ
Advertisement