টানা ৩ দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

টানা ৩ দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৪৬, ১২ সেপ্টেম্বর ২০২৬

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

কোন ক্যারেটের স্বর্ণের দাম কত
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে—

২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কার্যকর
সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এক দিন পরই বাড়ল দাম
এর আগে সর্বশেষ ১১ সেপ্টেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

চলতি বছরে ১১৫ বার স্বর্ণের দাম সমন্বয়
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১১৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৭ দফা দাম বাড়ানো, ৫৭ দফা কমানো এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

অপরিবর্তিত রুপার দাম
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি রুপার দাম—

২২ ক্যারেট: ৫ হাজার ১৬ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ৭৮২ টাকা
১৮ ক্যারেট: ৪ হাজার ৮২ টাকা
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯১ টাকা
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৬৯ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো এবং ৩৪ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার—এর মধ্যে ১০ বার বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।

শেয়ার করুনঃ
Advertisement