মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০০ ডলার
Published : ১০:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১০০ ডলারের ওপরে উঠেছে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে অক্টোবর সরবরাহের ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলারে।
এর ফলে গত সপ্তাহ থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার যে প্রবণতা শুরু হয়েছিল, তা আরও তীব্র হয়েছে। ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। একই সময়ে ইরান-সমর্থিত হুতিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে—এমন খবরও জ্বালানি বাজারে উদ্বেগ বাড়িয়েছে।
লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে জাহাজ চলাচলের জন্য বাব আল-মান্দাব প্রণালি গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই পথে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে তেলসহ বিভিন্ন পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও ছড়িয়ে পড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরবরাহ সংকটের এই আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে।
































