নেপালে কেবল কারে উঠে ভয় পেলেন অপু বিশ্বাস
Published : ১৩:২০, ৯ আগস্ট ২০২৬
নেপালে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। কাজের ফাঁকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার রোমাঞ্চের পাশাপাশি ভয়ও পেয়েছেন তিনি। পোখারার অন্নপূর্ণা এলাকায় কেবল কারে চড়ার অভিজ্ঞতা তার কাছে হয়ে উঠেছে আনন্দ ও আতঙ্কের মিশেল।
বর্তমানে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার শুটিংয়ের ব্যস্ততার বাইরে সময় বের করে পোখারার অন্নপূর্ণা অঞ্চলে ঘুরতে যান এই অভিনেত্রী। সেখানেই কেবল কারে চড়ে পাহাড়ের ওপর দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা নেন তিনি।
নিজের সেই অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ফেসবুক লাইভে আসেন অপু। লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’ পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় কেবল কার চলতে থাকায় উচ্চতা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
অপু জানান, এর আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কেবল কারে চড়েছেন। তবে নেপালের অন্নপূর্ণার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। পাহাড়ের অনেক ওপরে দিয়ে কেবল কার চলায় এবার রোমাঞ্চের চেয়ে ভয়ই বেশি অনুভব করেছেন তিনি। তবু সেই ভয়কে উপেক্ষা করে মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করেন অভিনেত্রী।
নেপালে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। কাজের ফাঁকে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে এবার রোমাঞ্চের পাশাপাশি ভয়ও পেয়েছেন তিনি। পোখারার অন্নপূর্ণা এলাকায় কেবল কারে চড়ার অভিজ্ঞতা তার কাছে হয়ে উঠেছে আনন্দ ও আতঙ্কের মিশেল।
অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে উচ্চতাভীতিতে ভোগা মানুষদের সতর্কও করেছেন অপু। তার মতে, যাদের উচ্চতাভীতি রয়েছে কিংবা হৃদ্যন্ত্রের সমস্যা আছে, তাদের এমন রোমাঞ্চকর কেবল কার ভ্রমণে না যাওয়াই ভালো।
নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন অপু। তবে দূরদেশে গিয়ে নিজের সন্তানের কথা বারবার মনে পড়ছে বলেও ফেসবুক লাইভে জানান তিনি। ফলে নেপাল ভ্রমণে রোমাঞ্চ ও আনন্দের পাশাপাশি মায়ের আবেগও ছুঁয়ে গেছে তার অভিজ্ঞতাকে।

































