আন্দোলন দমনে ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের: প্রসিকিউশ
Published : ১৩:৫৮, ৯ আগস্ট ২০২৬
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ সালের ১৬ জুলাই ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের—এমন দাবি করেছে প্রসিকিউশন।
রোববার (৯ আগস্ট) জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে ওই ফোনালাপের কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে ইন্টারনেটের গতি কমানো হয়। পরে ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে চলমান মামলায় অভিযোগের সমর্থনে এই কল রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করা হয়েছিল। এসব অভিযানের তথ্য ও দৃশ্য যাতে ইন্টারনেটের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়তে না পারে, সে কারণেই ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়।
প্রসিকিউশন আরও জানায়, ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কল রেকর্ডটির সত্যতা যাচাই করা হয়েছে। এরপর সেটিকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।


































