বগুড়ায় উড়ালসড়কে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
Published : ১৩:৪৫, ৯ আগস্ট ২০২৬
বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপস সরকার, তার ছেলে এইচএসসি পরীক্ষার্থী তীব্র সরকার এবং দিনাজপুরের বিরামপুর এলাকার ট্রাকচালক আলমগীর।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ট্রাকটির চালক ও সহকারী চাকা মেরামতের কাজ করছিলেন। পরে তাপস সরকার তার ছেলে তীব্রকে চাকা নিয়ে আসতে বলেন। রাত তিনটার দিকে চাকা নিয়ে আসার পর বাবা-ছেলে মিলে ট্রাকটির চাকা মেরামতের কাজ শুরু করেন।
সকাল সাড়ে ৭টার দিকে রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তাপস, তীব্র ও আলমগীর নিহত হন।
তাপস সরকারের শ্যালক নয়ন রায় বলেন, ট্রাকের চাকা নষ্ট হওয়ার পর তাপস তার ছেলেকে চাকা নিয়ে আসতে বলেছিলেন। পরে বাবা-ছেলে মিলে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। একটি ট্রাকের কেবিন পুরোপুরি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়। পরে মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মুঞ্জুর মোর্শেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও মালামাল সরানোর কাজ শুরু করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


































