রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অলি আহমেদের নাম ঘোষণা ১১ দলীয় জোটের
Published : ১৩:১৩, ৯ আগস্ট ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
রোববার (৯ আগস্ট) দুপুরে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সভায় রাষ্ট্রপতি নির্বাচনে জোটের পক্ষ থেকে অলি আহমদকে প্রার্থী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জোটটির আনুষ্ঠানিক প্রার্থীও নির্ধারিত হলো।
এর আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। তপশিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্ধারণের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা স্পষ্ট হবে।

































