ভারতে সাত মাসে ঘৃণাজনিত সহিংসতায় ৪৪ মুসলিম নিহত

ভারতে সাত মাসে ঘৃণাজনিত সহিংসতায় ৪৪ মুসলিম নিহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫১, ৯ আগস্ট ২০২৬

ভারতে চলতি বছরের প্রথম সাত মাসে ঘৃণাজনিত অপরাধ ও নির্যাতনের ঘটনায় অন্তত ৪৪ জন মুসলিম নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন। তাদের ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’–এর সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে উগ্র হিন্দুত্ববাদী হামলাকারীদের সহিংসতায়। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন ১৯ জন। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশু ও ১৬ বছরের এক কিশোরও রয়েছে।


প্রতিবেদনে বলা হয়, মে থেকে জুলাই—এই তিন মাসে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১০ জন কট্টর হিন্দুত্ববাদীদের হামলায় এবং ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হেফাজতে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া মে থেকে জুলাই সময়ে ভারতের ছয়টি রাজ্যে অন্তত ২৩টি মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার তথ্য নথিভুক্ত করেছে সংস্থাটি। আটটি রাজ্যে অন্তত ২১টি উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিমের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।


ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকারের প্রতিবেদনে উত্তরপ্রদেশ, আসাম, জম্মু-কাশ্মীর ও পশ্চিমবঙ্গে কথিত ভুয়া পুলিশি এনকাউন্টার, হেফাজতে নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদের একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে।


পশ্চিমবঙ্গে মসজিদ ও মুসলিমদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় অন্তত দুজন নিহত হওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আসামে তথাকথিত ‘পুশব্যাক’ বা জোরপূর্বক বহিষ্কার অব্যাহত থাকার পাশাপাশি মুসলিম নাগরিকদের অধিকার খর্বকারী নতুন আইন ও নীতি গ্রহণের অভিযোগ করা হয়েছে।


প্রতিবেদনে আরও দাবি করা হয়, ভারতের কিছু রাজনৈতিক নেতার ধারাবাহিক মুসলিমবিরোধী বক্তব্য ও উসকানিমূলক মন্তব্যের কারণে দেশটিতে বৈষম্যমূলক পরিবেশ তৈরি হচ্ছে। এসব বক্তব্যে মুসলিম নাগরিকদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করার প্রবণতা সহিংসতার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement