৪ মিনিটের ট্রেলারে যশের তাণ্ডব, ‘টক্সিক’ ঘিরে বাড়ছে উন্মাদনা
Published : ১১:৪৩, ৯ আগস্ট ২০২৬
দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন থামছেই না। মুক্তির অপেক্ষায় থাকা এই মেগা অ্যাকশন সিনেমার ৪ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে রীতিমতো ঝড় তুলেছেন ‘রকিভাই’খ্যাত কন্নড় মেগাতারকা যশ।
কন্নড় সিনেমার গ্লোবাল আইকন যশকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন ও ভয়ংকর অবতারে। ৮ আগস্ট প্রকাশিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। প্রকাশের পর থেকেই এটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই ট্রেলারটি প্রায় দেড় কোটি ভিউ অতিক্রম করেছে।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ট্রেলারজুড়ে রয়েছে ভয়ংকর গ্যাংস্টার ড্রামা, রক্তক্ষয়ী সংঘাত, জটিল সম্পর্কের টানাপোড়েন এবং রহস্যে ঘেরা নানা দৃশ্য।
তবে ট্রেলারের সবচেয়ে বড় চমক যশের দ্বৈত চরিত্র। এতে তাকে সম্পূর্ণ ভিন্ন দুটি অবতারে দেখা গেছে। এক চরিত্রে লম্বা চুল, অন্য চরিত্রে ছোট চুল ও ধারালো দাড়িতে হাজির হয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, সিনেমায় দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন যশ।
ট্রেলারে দেখা যায়, সম্পূর্ণ ভিন্ন আদর্শ ও মানসিকতার এই দুই ভাই একসময় রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েন। যশের দুই চরিত্রের লুক, সংলাপ ও অ্যাকশন দৃশ্য ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
‘কেজিএফ’ সিরিজের রকিভাই চরিত্রের পর যশের এই নতুন অবতার কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়। ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশাও বেড়েছে কয়েক গুণ।


































