মিশরকে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেওয়ার আহ্বান তুরস্কের
Published : ১৫:৫১, ৯ আগস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবিলায় মিশরকে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিশর আঞ্চলিক অংশীদারদের সঙ্গে এই প্রতিরক্ষা জোটে যোগ দেবে বলে তিনি আশা করছেন। তাঁর মতে, চুক্তিটি মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর আগে শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর লক্ষ্য হলো সদস্য দেশগুলোর ‘সমষ্টিগত প্রতিরোধ শক্তি’ আরও জোরদার করা।
হাকান ফিদান বলেন, “আমি বিশ্বাস করি, পরবর্তী ধাপে মিশরও আমাদের সঙ্গে থাকবে। আমরা ইতোমধ্যে একে অপরের সঙ্গে এমনভাবে কাজ করছি যেন আমরা জোটের সদস্য।”
তিনি জানান, মিশরের যোগদানের ক্ষেত্রে কিছু কারিগরি বিষয় রয়েছে। সেগুলো সমাধান হলে দেশটির জোটে যোগদানে আর কোনো বাধা থাকবে না।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই প্রতিরক্ষা চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। চুক্তিতে কোনো সাধারণ হুমকির কথাও লিখিতভাবে উল্লেখ করা হয়নি।
চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালী ও লোহিত সাগরে নৌ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৌদি আরবেও হামলার ঘটনা ঘটেছে। গত মাসে একটি ড্রোন মিশরের ভূমধ্যসাগরীয় একটি বন্দরে থাকা মার্কিন সম্পদে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিদানের ভাষায়, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ এই অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে “সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হতে পারে। ভবিষ্যতে এই জোট আরও সম্প্রসারিত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
































