১০ দিন ভূমধ্যসাগরে ভেসে ১০ জনের মৃত্যু

১০ দিন ভূমধ্যসাগরে ভেসে ১০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৫, ১৭ আগস্ট ২০২৬

খাবার বা পানি কিছুই ছিল না। চোখের সামনে একে একে মারা গেলেন সহযাত্রীরা। দীর্ঘদিন সাগরে ভেসে থাকার পর মৃতদের মরদেহ সাগরে ফেলে দিতে বাধ্য হয়েছি।’—মিশরের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল করিম এভাবেই বর্ণনা করেছেন ভয়াবহ সেই নৌযাত্রার অভিজ্ঞতা।

কায়রোর বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, মানবপাচার চক্রের সহায়তায় গত ৩ আগস্ট লিবিয়ার তবরুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় যাত্রা করেন ৩৮ বাংলাদেশি ও চার সুদানিসহ মোট ৪২ জন অভিবাসনপ্রত্যাশী।

নৌকাটিতে পর্যাপ্ত নেভিগেশন ব্যবস্থা ছিল না। যাত্রীদের ৩৬ ঘণ্টার মধ্যে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলা হলেও মাঝপথে নেভিগেশন সমস্যার পাশাপাশি জ্বালানি ফুরিয়ে যায়। এতে নৌকাটি দিকভ্রষ্ট হয়ে টানা ১০ দিন ভূমধ্যসাগরে ভাসতে থাকে।

দূতাবাসের তথ্যমতে, তীব্র গরম, প্রখর রোদ এবং খাবার-পানির সংকটে নৌকায় থাকা ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে নয়জন বাংলাদেশি এবং একজন সুদানি নাগরিক।

দীর্ঘ সময় সমুদ্রে ভেসে থাকার কারণে মৃতদেহগুলোতে পচন ধরতে শুরু করে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় জীবিত যাত্রীরা বাধ্য হয়ে মরদেহগুলো সাগরে ফেলে দেন বলে জানান উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিক আব্দুল করিম।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল করিম বলেন, তারা ৪২ জন গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর আর সামনে এগোনো সম্ভব হয়নি। উদ্ধারেও কেউ এগিয়ে আসেনি।

তিনি বলেন, দীর্ঘ সময় খাবার ও পানি ছাড়া থাকার কারণে একে একে সহযাত্রীরা মারা যান। লবণাক্ত পানিতে দীর্ঘক্ষণ অবস্থানের কারণে জীবিতদের শরীরের বিভিন্ন স্থানেও পচন ধরেছে। বর্তমানে তারা মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং দেশে ফিরে যেতে চান।

বাংলাদেশ দূতাবাস জানায়, গত ১৩ আগস্ট দিকভ্রষ্ট নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছালে স্থানীয় পুলিশ ২৯ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ১৮ জন গুরুতর অসুস্থ ও অচেতন অবস্থায় থাকায় দ্রুত মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ অভিবাসনপ্রচেষ্টার ভয়াবহতার পাশাপাশি মানবপাচার চক্রের প্রতারণা ও অব্যবস্থাপনার বিষয়টিও সামনে এনেছে।

শেয়ার করুনঃ
Advertisement