বাড়ি থেকে পাঞ্জাবি গায়ক বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

বাড়ি থেকে পাঞ্জাবি গায়ক বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে পাঞ্জাবি গায়ক ও গীতিকার বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী এই শিল্পীর মৃত্যু ঘিরে ইতোমধ্যে রহস্য তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লুধিয়ানার সুদহার পট্টি ধালিওয়াল গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষের বিছানার ওপর বলজিৎ সিংয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহে পচন ধরেছিল। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারের চার থেকে পাঁচ দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

দুর্গন্ধে মিলল মরদেহ
স্থানীয়রা কয়েক দিন ধরে বলজিৎ সিংয়ের বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন। সময়ের সঙ্গে দুর্গন্ধ বাড়তে থাকায় তারা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে। তবে ওই রক্ত কীভাবে সেখানে এসেছে এবং গায়কের মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

মৃত্যুর কারণ নিয়ে তদন্ত
বলজিৎ সিংয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে। মৃত্যুর আগের কয়েক দিনে তার সঙ্গে কারও দেখা হয়েছিল কি না এবং এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচল ছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গায়কের বোন পুলিশকে জানিয়েছেন, এর আগে বলজিৎ সিংয়ের হার্ট অ্যাটাক হয়েছিল। তার ধারণা, সম্ভবত আবারও হার্ট অ্যাটাকের পর পড়ে গিয়ে তিনি আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে পরিবারের এই ধারণার পক্ষে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পরই বলজিৎ সিংয়ের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ
Advertisement