শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টা কূটনৈতিক: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টা কূটনৈতিক: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৬:১৫, ১২ সেপ্টেম্বর ২০২৪

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন। এরইমধ্যে তার বিরুদ্ধে বেশ কিছু মামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে (প্রত্যর্পণ) এনে বিচারের জোরালো দাবিও উঠেছে।

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে কিনা, চাইলেও ভারত কী করবে অর্থাৎ তারা হাসিনাকে ফেরত পাঠাবে কিনা; এমন নানা বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এবং এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন।

জার্মানির বার্লিনে স্থানীয় সময় গত মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে (জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও জয়শঙ্করের) হাসিনার প্রত্যর্পণের বিষয়ে এমন কথাই বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (ভারত থেকে) বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভারতে কেউই তার (শেখ হাসিনার) অবস্থানে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমরা তাকে ফেরাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি কথা বলছেন, যা সমস্যার।

তিনি চুপ থাকলে আমরা ভুলে যেতাম; মানুষ এটাকে ভুলে যেত। কিন্তু ভারতে বসে তিনি কথা বলছেন, নির্দেশ দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না।

 ড. ইউনূস আরও বলেন, ‘তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন, এখানে সবার সামনে তার বিচার করতে হবে।’

সূত্র: এএনআই

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement