‘ফিনিক্স পাখির’ মতো জেগে উঠবে হামাস: খালেদ মেশাল

‘ফিনিক্স পাখির’ মতো জেগে উঠবে হামাস: খালেদ মেশাল

আন্তর্জাতিক ডেস্ক:

Published : ১৩:২১, ৮ অক্টোবর ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ‘ফিনিক্স পাখি’র মতো ধ্বংসস্তূপ থেকে পুনরায় জেগে উঠবে বলে মন্তব্য করেছেন গোষ্ঠীটির নির্বাসিত নেতা খালেদ মেশাল। হামাস এখনো যোদ্ধা নিয়োগ ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৭ অক্টোবর) গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, ১৯৯৬-২০১৭ সাল পর্যন্ত হামাসের সর্বোচ্চ নেতা ছিলেন খালেদ মেশাল। ১৯৯৭ সালে ইসরাইল তাকে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করলেও বেঁচে যান তিনি। 

প্রায় ৩ দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে মেশাল এখনো হামাসের প্রভাবশালী নেতা। বর্তমানে তাকে হামাসের কূটনৈতিক মুখপাত্র হিসেবে দেখা হয়।

হামাসের সাবেক এই প্রধান বলেন, ফিলিস্তিনি ইতিহাস কয়েকটি চক্র নিয়ে গঠিত। আমরা এক একটি পর্যায় দিয়ে যাই, যেখানে আমরা শহীদদের হারাই এবং সামরিক সক্ষমতার কিছু অংশ হারাই। কিন্তু আল্লাহর রহমতে, ফিলিস্তিনি চেতনা ফিনিক্স পাখির মতো পুনরায় উজ্জীবিত হয়।

মেশাল জানান, এখনো ইসরাইলি সৈন্যদের বিরুদ্ধে গুপ্ত হামলা চালাতে সক্ষম হামাস যোদ্ধারা। আজও সকালে গাজা থেকে ইসরাইলের দিকে ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হামাস। যদিও এর সবগুলো ঠেকিয়ে দেয় ইসরাইল।

তিনি বলেন, আমরা আমাদের গোলাবারুদ ও অস্ত্রের একটি অংশ হারিয়েছি। তবে হামাস এখনো তরুণদের নিয়োগ করছে এবং গোলাবারুদ ও অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ তৈরি করা অব্যাহত রেখেছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রাম ডিরেক্টর জুস্ট আর হিলটারম্যান বলেন, সামগ্রিকভাবে আমি বলব (হামাস) এখনো বেশ শক্তি নিয়েই টিকে আছে এবং পাল্টা হামলা করছে। হয়তো কোনো এক সময় তারা আবার গাজায় ক্ষমতায় ফিরে আসবে।

যুদ্ধ পরবর্তী গাজার কী হবে, সেটা নিয়ে ইসরাইল কোনো পরিকল্পনা প্রকাশ করেনি। এটিই হামাসকে পুনঃপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহায়ক হতে পারে। যদিও তাদের আগের সক্ষমতা এখন তেমন নেই।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement