সুস্থ থাকতে পুরুষদের নিয়মিত করানো উচিত যে ৭ স্বাস্থ্য পরীক্ষা

সুস্থ থাকতে পুরুষদের নিয়মিত করানো উচিত যে ৭ স্বাস্থ্য পরীক্ষা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৪, ১৯ নভেম্বর ২০২৬

অসুস্থ হওয়ার পর চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে। বিশেষ করে পুরুষদের একটি বড় অংশ শরীরে গুরুতর উপসর্গ দেখা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা করাতে আগ্রহী হন না। সুস্থ ও শক্তিশালী থাকার সামাজিক প্রত্যাশা থেকেও অনেক সময় তারা নিজেদের শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে বা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে অনীহা দেখান।

তবে বিশেষজ্ঞদের মতে, বয়স, জীবনযাপন, পারিবারিক ইতিহাস ও শারীরিক উপসর্গ বিবেচনায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে পুরুষদের জন্য প্রয়োজনীয় সাতটি স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছেন ভারতের অ্যান্ড্রোলজিস্ট এবং ইনস্টিটিউট অব অ্যান্ড্রোলজি অ্যান্ড সেক্সুয়াল হেলথের (আইএএসএইচ) প্রতিষ্ঠাতা ডা. চিরাগ ভাণ্ডারি।

ডা. ভাণ্ডারির মতে, প্রত্যেক পুরুষের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা এক রকম নয়। বয়সের পাশাপাশি খাদ্যাভ্যাস, ওজন বৃদ্ধি, ধূমপান, ব্যায়ামের অভাব ও অপর্যাপ্ত ঘুমের মতো বিষয় অল্প বয়সেই স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

তার মতে, একই বয়সের দুজন পুরুষেরও স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন ভিন্ন হতে পারে। যেমন, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে রক্তে শর্করা পরীক্ষা জরুরি হতে পারে। আবার দীর্ঘদিন যৌন আকাঙ্ক্ষা কমে গেলে হরমোনের মাত্রা পরীক্ষা করার প্রয়োজন হতে পারে।

পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ সাতটি স্বাস্থ্য পরীক্ষা হলো—

১. রক্তচাপ পরীক্ষা

নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা পুরুষদের সুস্থ থাকার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অতিরিক্ত লবণ গ্রহণ, ধূমপান, ওজন বৃদ্ধি ও শারীরিক পরিশ্রমের অভাব উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃদ্‌যন্ত্র, কিডনি ও রক্তনালির ক্ষতি হতে পারে। এমনকি যৌনাঙ্গে রক্তপ্রবাহ কমে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাও দেখা দিতে পারে। রক্তচাপ বেশি পাওয়া গেলে পুনরায় পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. রক্তে শর্করা পরীক্ষা

পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, অতিরিক্ত ওজন বা শারীরিক নিষ্ক্রিয়তা আছে—এমন পুরুষদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা প্রয়োজন হতে পারে। ফাস্টিং ব্লাড সুগার, খাবারের পর রক্তে শর্করা এবং HbA1c পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করা যায়। বিশেষ করে HbA1c পরীক্ষায় গত প্রায় তিন মাসের গড় রক্তে শর্করার মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

৩. কোলেস্টেরল ও লিপিড প্রোফাইল

লিপিড প্রোফাইল পরীক্ষায় রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা জানা যায়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন ও ব্যায়ামের অভাবে এসব উপাদানের মাত্রা বেড়ে যেতে পারে। ফলে রক্তনালিতে প্লাক জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। রক্ত সঞ্চালনের সমস্যার কারণে যৌনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।

৪. দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা

ধূমপায়ী এবং গুটকার মতো তামাকজাত পণ্য ব্যবহারকারীদের নিয়মিত দাঁত ও মুখের স্বাস্থ্য পরীক্ষা করানো বিশেষভাবে জরুরি। মুখের ঘা, অস্বাভাবিক দাগ, সাদা বা লাল ছোপসহ বিভিন্ন পরিবর্তন পরীক্ষা করে দেখা প্রয়োজন। তামাক ব্যবহারের কারণে মুখের ক্যানসারের ঝুঁকি বাড়ে। তাই কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৫. কিডনি ও লিভারের কার্যকারিতা পরীক্ষা

কিডনি ও লিভারের বিভিন্ন সমস্যা প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট উপসর্গ তৈরি করে না। রক্ত ও প্রস্রাবের পরীক্ষার মাধ্যমে এসব অঙ্গের কার্যকারিতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা বিপাকীয় সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি ও লিভারের পরীক্ষা করানো প্রয়োজন হতে পারে।

৬. হরমোন প্রোফাইল পরীক্ষা

পুরুষদের যৌনস্বাস্থ্য, প্রজননক্ষমতা ও সামগ্রিক শারীরিক সুস্থতায় হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরে শারীরিক শক্তি কমে যাওয়া, যৌন আকাঙ্ক্ষা হ্রাস, প্রজননসংক্রান্ত সমস্যা কিংবা অস্বাভাবিক মেজাজ পরিবর্তনের মতো উপসর্গ থাকলে হরমোন পরীক্ষা প্রয়োজন হতে পারে। উপসর্গ অনুযায়ী টেস্টোস্টেরন, এসএইচবিজি (SHBG), প্রোল্যাকটিন, এস্ট্রাডিওল ও থাইরয়েড হরমোন পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন চিকিৎসক।

৭. প্রোস্টেটের স্বাস্থ্য পরীক্ষা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের প্রোস্টেটের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া জরুরি। বয়স, পারিবারিক ইতিহাস ও ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় চিকিৎসক পিএসএ (PSA) পরীক্ষা অথবা ডিজিটাল রেকটাল পরীক্ষার পরামর্শ দিতে পারেন। এসব পরীক্ষার মাধ্যমে প্রোস্টেটের বিভিন্ন সমস্যা এবং প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি মূল্যায়ন করা সম্ভব।

চিকিৎসকের পরামর্শ কেন জরুরি

ডা. চিরাগ ভাণ্ডারির মতে, স্বাস্থ্য পরীক্ষা সবার জন্য একইভাবে নির্ধারণ করা উচিত নয়। বয়স, জীবনযাপন, পারিবারিক ইতিহাস ও শারীরিক উপসর্গ বিবেচনা করেই প্রয়োজনীয় পরীক্ষা নির্বাচন করতে হবে। তাই নিজে থেকে সব পরীক্ষা না করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্ভাব্য রোগের ঝুঁকি আগেভাগে শনাক্ত করতে এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করে।

 
শেয়ার করুনঃ
Advertisement