গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
Published : ১৭:৫৪, ২৫ জুন ২০২৬
চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রায় গ্রেট হলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং উভয় দেশের প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচিত হন।
আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে লালগালিচা সংবর্ধনার পাশাপাশি চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রীর সম্মানে তোপধ্বনিও দেওয়া হয়।
পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এই বৈঠক দুই দেশের কৌশলগত অংশীদারত্ব ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন সরকারি সফরে মালয়েশিয়া যান। মালয়েশিয়ায় সফর শেষে তিনি চীনের দালিয়ান শহরে পৌঁছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বিকেলে হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে আসেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি চীন সফর করেছিলেন এবং সেই সময়ও গ্রেট হলে অনুষ্ঠিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।


































