সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
Published : ১৭:২৩, ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার এবং তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরও জানান, মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
উল্লেখ্য, রোববার (৯ আগস্ট) রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।






























