চার মাসেই একের পর এক যন্ত্রাংশ নষ্ট, আকিজ টাইটান নিয়ে গ্রাহকের ক্ষোভ

চার মাসেই একের পর এক যন্ত্রাংশ নষ্ট, আকিজ টাইটান নিয়ে গ্রাহকের ক্ষোভ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি রিপোর্ট

Published : ১৬:৩০, ১০ আগস্ট ২০২৬

আকিজ মোটরসের ফ্ল্যাগশিপ মডেল ‘আকিজ টাইটান’ কিনে চার মাসের মধ্যে একাধিক যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক। একই সঙ্গে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস না পাওয়া এবং কাস্টমার কেয়ারের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই গ্রাহক তার ভোগান্তির কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, মাত্র চার মাস আগে আকিজ মোটরস থেকে ‘আকিজ টাইটান’ কেনার পর অল্প সময়ের মধ্যেই বাইকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে সমস্যা দেখা দিয়েছে।

গ্রাহকের অভিযোগ, বাইকটির টিএফটি ডিসপ্লে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অথচ বাইকটির অন্যতম আকর্ষণীয় ফিচার হিসেবে এই ডিসপ্লে প্রচার করা হয়েছিল। পাশাপাশি হেডলাইটের প্লাস্টিকের অংশ ভেঙে খুলে পড়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, হেডলাইটের প্রয়োজনীয় স্পেয়ার পার্টস বাজারে কিংবা সংশ্লিষ্ট সার্ভিস সেন্টারেও পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া বাইকের স্টিয়ারিং রেসার নষ্ট হয়ে যাওয়ায় এটি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ করেন ওই গ্রাহক। তার দাবি, ফ্রন্ট ব্রেক ও ব্রেক শুতেও সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এগুলো পরিবর্তনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সার্ভিস সেন্টারে পাওয়া যায়নি।

চার্জার ও হুইল বেয়ারিংয়েও ত্রুটি দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এসব প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করতে না পারায় বাইকটি ব্যবহার করা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান ওই গ্রাহক।

কাস্টমার কেয়ার নিয়েও অভিযোগ

বাইকটির সমস্যাগুলো সমাধানের জন্য আকিজ মোটরসের কাস্টমার কেয়ারে যোগাযোগের চেষ্টা করেও সন্তোষজনক সাড়া পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

ওই গ্রাহকের দাবি, অনেক সময় ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। আবার ফোন ধরলেও এক বিভাগ থেকে অন্য বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে সমস্যার সমাধান না হয়ে তাকে বারবার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ওই গ্রাহক আকিজ মোটরসের আফটার-সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। তার প্রশ্ন, একটি নতুন বাইকের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কেনার মাত্র কয়েক মাসের মধ্যে নষ্ট হয়ে গেলে এবং সেগুলোর পরিবর্তে প্রয়োজনীয় পার্টস পাওয়া না গেলে গ্রাহকরা কীভাবে নিয়মিত সেবা পাবেন।

তিনি আকিজ মোটরসের আকিজ টাইটান বা প্রতিষ্ঠানটির অন্যান্য বৈদ্যুতিক বাইক কেনার আগে সম্ভাব্য ক্রেতাদের আফটার-সেলস সার্ভিস, ওয়ারেন্টি সুবিধা এবং স্পেয়ার পার্টসের প্রাপ্যতা সম্পর্কে ভালোভাবে যাচাই করার আহ্বান জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে আকিজ মোটরসের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগগুলোর বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।

শেয়ার করুনঃ
Advertisement